Sunday, August 16, 2015

কাগজের নৌকো

-- কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে | দেখো না চারিদিকে এত্ত জল জমে গেছে , একটু ঘাসও দেখা যাচ্ছে না | তুমি বুঝি এ পাড়ায় নতুন এসেছ ?
- হ্যাঁ, নতুন এসেছি | ঘন ঘন খুব জোরে মেঘ ডাকছে | বাজ পড়লে আমার আবার খুব ভয় করে |

-- ভয়ের কি আছে ? এই যে এখন তো আমরা বন্ধু | দুজন দুজনের পাশে থাকব | একদম ভয় পাবে না | ওই দেখো, জলে একটা গাছের পাতা ভাসছে , আর একটা পিঁপড়ে জলে পড়ে গেছে , তাই সাঁতরে পাতাটার কাছে পৌছানোর চেষ্টা করছে |

- তাই বুঝি ?

-- আচ্ছা , তুমি সাঁতার কাটতে জানো ?
- হ্যাঁ অল্প অল্প জানি | তুমি জানো ?
--
না, আমার এখনো শেখা হয়নি | ওইজন্য যখন নৌকো করে নদী পেরোই তখন বাবা আমার হাত ধরে দাঁড়িয়ে থাকে | বলে, আমি নাকি জলে পড়ে যেতে পারি |
-
নৌকো !! আচ্ছা, তুমি কাগজের নৌকো বানাতে জানো ?
--
হ্যাঁ, জানি | আমাকে মা শিখিয়ে দিয়েছিল | তুমি জান না ?
-
না , আমাকে মা শেখানোর চেষ্টা করেছিল | কিন্তু আমি কিছুতেই ওই ভাঁজগুলো মনে রাখতে পারতাম না | অনেক চেষ্টা করেও পারিনি ! আচ্ছা এখানে তো এখন বৃষ্টির জল জমে আছে | আমায় একটা বানিয়ে দাও না | দুটো বানাবে , একটা তুমি ভাসাবে আর একটা আমি |
--
আচ্ছা , আমি কাগজ নিয়ে আসি |
                           * * * * * * * * * * * * * * * * *
--
এই নাও , দুটো নৌকো বানিয়ে ফেলেছি | এবার ভাসাতে হবে | এই নাও তোমার টা |
-
আচ্ছা এবার আমরা একসাথে বৃষ্টির জলে নৌকো ভাসায় | আচ্ছা , আমাকে একটু ধরে সিঁড়ির কাছে নিয়ে যাবে ? জলে আমার হাতটা একটু ধরে ছুঁইয়ে দিলেই আমি নিজে নিজেই ভাসিয়ে দিতে পারব নৌকোটা |
--
আচ্ছা এসো , আমি তোমায় হাত ধরে নিয়ে যাচ্ছি | ওই দেখো পিঁপড়েটা একদম পাতাটার কাছেই পৌঁছে গেছে | কি মজা, কি মজা !!

No comments:

Post a Comment

পেটে আসছে মুখে আসছে না !! ভাবুন, ভাবুন !